রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে দুটি বিদেশি পিস্তল, গুলি, ককটেল ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩৫টি মামলা করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন অভিযানের তথ্য নিশ্চিত করেন।
পুলিশের দেওয়া হিসাব অনুযায়ী, গ্রেপ্তারের সংখ্যায় শীর্ষে রয়েছে মিরপুর বিভাগ। এ বিভাগ থেকে আটক করা হয়েছে ১৬৫ জনকে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৮, তেজগাঁওয়ে ৬৪, লালবাগে ৫৭, মতিঝিলে ৫২, গুলশানে ৫০, উত্তরা বিভাগে ৪২ এবং রমনা বিভাগে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে আরও চারজনকে।
অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি। এ ছাড়া একটি অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ১০টি ককটেলের অংশবিশেষ, ২ হাজার ৫৪ পিস ইয়াবা এবং ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সদ্য সংবাদ/এজে