দেশের সাত জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও সংবেদনশীল এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সাহায্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাহিনীটি।
মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯, নারায়ণগঞ্জে ৭, ময়মনসিংহের ভালুকায় ২, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে ৮ এবং কক্সবাজারে ৭ প্লাটুন রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ পরিস্থিতি এড়াতে বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন তাঁরা।
এদিকে মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রমের ওপর নজর রাখতে বিজিবি সদর দপ্তরে মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবি জানিয়েছে, সীমান্তের নিয়মিত দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়ও বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের সুরক্ষা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এজে