জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে দলটি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, দুদককে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের পুরোনো কৌশল আবারও সামনে আনা হচ্ছে।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে এনসিপির দুই শীর্ষ নেতা দাবি করেন, বর্তমান দুদকের গঠনপ্রক্রিয়া নিয়ে নৈতিক ও আইনি প্রশ্ন রয়েছে। তাদের মতে, জুলাই সনদে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে কমিশন পুনর্গঠন না হওয়া পর্যন্ত এই সংস্থার মাধ্যমে কোনো রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা সম্ভব নয়।
এর আগে বুধবার দুদকের এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা জানানো হয়। তবে অনুসন্ধানের বিষয়ে সংবাদ সম্মেলনে দুদকের এক কর্মকর্তা প্রাথমিক সত্যতা পাওয়ার কথা বললেও পরে সেই বক্তব্য থেকে সরে আসেন।
এনসিপির নেতারা বলেন, গত কয়েক মাসে ক্ষমতাসীন দলের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে সরকারি কাজে প্রভাব বিস্তার এবং রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ সামনে এলেও এসব বিষয়ে দুদকের কার্যকর ভূমিকা দেখা যায়নি। অথচ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধানের ক্ষেত্রে সংস্থাটির তৎপরতা নিয়ে প্রশ্ন উঠছে।
তাদের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর আগেই দুদকের পক্ষ থেকে ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা প্রকাশ্যে বলা এবং পরে সেই বক্তব্য প্রত্যাহারের চেষ্টা কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি করেছে।
বিবৃতিতে নাহিদ ইসলাম ও আখতার হোসেন আরও বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলো যখন জনগণের অধিকার ও রাষ্ট্র সংস্কারের দাবিতে কর্মসূচি পালন করছে, ঠিক সেই সময়ে দুদককে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। তাদের ভাষ্য, এটি অতীতের নিপীড়নমূলক রাজনৈতিক কৌশলেরই পুনরাবৃত্তি।
এনসিপির দুই নেতা দাবি করেন, বর্তমান কমিশনকে বহাল রেখে আসিফ মাহমুদের বিরুদ্ধে পরিচালিত কোনো অনুসন্ধানকে নিরপেক্ষ হিসেবে দেখার সুযোগ নেই। তারা জুলাই সনদে প্রস্তাবিত প্রক্রিয়ায় দুদক পুনর্গঠনের দাবি জানান।
একই সঙ্গে বর্তমান কমিশন বাতিল করে স্বচ্ছ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনের আহ্বান জানিয়েছে এনসিপি। দলের নেতারা বলেন, দুর্নীতি দমনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে কোনো রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহার করা হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
তারা সরকারের প্রতি রাজনৈতিক প্রতিপক্ষ দমনের অভিযোগ থেকে সরে এসে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সরকারি পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলোরও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সদ্য সংবাদ/এসকে