রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, লাঠি, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ভবনটিতে হামলা চালায়। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল এবং লিফটের চারপাশের ঘেরাও ভাঙচুর করা হয়। হামলাকারীরা ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজার কারণে তা সম্ভব হয়নি বলে দাবি করেছেন কার্যালয়ের কর্মকর্তারা।
কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, সম্ভাব্য হামলার বিষয়ে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সতর্কতা ছিল। এ কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তাঁরাও ভবনটিতে ছিলেন।
মামুন পাটোয়ারীর দাবি, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী এসে কার্যালয়ে হামলা চালান। ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁরা ভেতরে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কার্যালয়ের লোকজন সরে যেতে বাধ্য হন।
তিনি আরও অভিযোগ করেন, পুলিশকে খবর দেওয়া হলেও হামলার অধিকাংশ ঘটনা ঘটে যাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছায়।
কার্যালয়ের কর্মকর্তাদের ধারণা, হামলার মূল লক্ষ্য ছিলেন শফিকুল ইসলাম খান মিল্টন। তাঁদের দাবি, ভবনের অন্যান্য স্থাপনার তুলনায় তাঁর কার্যালয়ে বেশি ভাঙচুর চালানো হয়েছে এবং সেখানে থাকা মিল্টনের ছবিও নষ্ট করা হয়েছে। সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলেও মনে করছেন তাঁরা।
সদ্য সংবাদ/এজে