চাকরি থেকে অপসারিত হওয়ার সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) যোগ দিয়েছেন মো. শরীফ উদ্দিন। পুনরায় চাকরিতে যোগ দিয়ে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি।’
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যোগদান করেন শরীফ উদ্দিন। পরে সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।
দুদকের উপসহকারী পরিচালক পদ থেকে সাড়ে চার বছর আগে তাঁকে অপসারণ করা হয়েছিল। সেই আদেশ প্রত্যাহার করে আজ জ্যেষ্ঠতাসহ তাঁকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। এ বিষয়ে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধি অনুযায়ী শরীফ উদ্দিন জ্যেষ্ঠতা এবং বকেয়া সব বেতন-ভাতা পাবেন।
বিকেল সোয়া তিনটার দিকে দুদকে যোগদানের পর শরীফ উদ্দিন বলেন, ‘এ জন্য কমিশন ও রাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আদালত, গণমাধ্যম ও দুদকের সব কর্মকর্তা-কর্মচারীসহ আমার দুঃসময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন।’
এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি রিট আবেদন করেন।
২০২১ সালের ১৬ জুন পটুয়াখালীতে বদলি হওয়ার আগে শরীফ উদ্দিন দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি। দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণনাশের হুমকি পেয়েছেন জানিয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন দুদকের তৎকালীন এই কর্মকর্তা।
তাঁর চাকরিচ্যুতির ঘটনা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছিল।
শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণের বিষয়ে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি জারি করা আদেশে বলা হয়েছিল, ‘দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)-তে প্রদত্ত ক্ষমতাবলে মো. শরীফ উদ্দিন (উপসহকারী পরিচালক) দুদক, সমন্বিত জেলা কার্যক্রম, পটুয়াখালীকে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা পাবেন।’
তবে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই কর্মীকে চাকরি থেকে অপসারণের সুযোগসংক্রান্ত দুদক কর্মচারী বিধিমালার ৫৪(২) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালের ১৩ মার্চ রিট করেন শরীফ উদ্দিন। একই সঙ্গে চাকরিতে পুনর্বহালের নির্দেশনাও চান তিনি।
রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৯ জুলাই আদালত রায় দেন। রায়ে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির আদেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ও শুরু থেকেই বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন হাইকোর্ট। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছিল।
তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত বছর আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিল আবেদন করে দুদক। পরে সংস্থাটি ওই দেওয়ানি লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি মঞ্জুর করে আদেশ দেন। এর ফলে জ্যেষ্ঠতাসহ শরীফ উদ্দিনের চাকরিতে পুনর্বহালের পথ সুগম হয়। সূত্র: প্রথম আলো
সদ্য সংবাদ/ এআর