ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ কিংবা বিভিন্ন স্থানে পরিত্যক্ত যানবাহনে আগুন দেওয়ার মতো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মূল্যায়ন করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার মতে, পরিস্থিতি উন্নতি না অবনতি হয়েছে, তা নির্ধারণ করতে হলে আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিয়েছে। কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। ঢাকা সিএমএম আদালত এলাকার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য একজন পালিয়ে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকার একটি গাড়িতে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাতে সংঘটিত এমন একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে গেছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। একইভাবে চালক বা হেলপারবিহীন পরিত্যক্ত যানবাহনে আগুন দেওয়ার ঘটনাকেও জাতীয় রাজনৈতিক অস্থিতিশীলতার প্রমাণ হিসেবে দেখার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন তিনি।
দেশে অস্থিতিশীলতা তৈরিতে পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের ভেতরে আত্মগোপনে থাকা তাদের সহযোগীরা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সীমান্তের ওপার থেকে কেউ ইন্ধন দিচ্ছে কি না এবং দেশের অভ্যন্তরে কারা তাদের সহায়তা করছে, তা খতিয়ে দেখছে সরকার।
বিরোধীদলীয় নেতার উত্থাপিত একটি অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একজন সংসদ সদস্যকে ফোন করে দল ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ফোন নম্বর ও বার্তার তথ্য দিলে তদন্তের ব্যবস্থা নেওয়া হবে।
পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনে দেশের বাইরে থেকে পরিকল্পনা এবং দেশের ভেতরে অর্থায়ন ছিল বলেও দাবি করেন তিনি। তবে সরকার সেই প্রচেষ্টা প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানান। তার ভাষ্য, শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। বাহিনীর সদস্যরা নিজেরাও আহত হয়েছেন। উসকানি সত্ত্বেও তারা অতিরিক্ত বল প্রয়োগ করেননি।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্প এলাকাগুলোতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নিয়মিত পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। কারখানার উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সচল রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষায় সরকার কাজ করছে।
শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অধিকাংশ পক্ষ সহযোগিতা করছে। তবে কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের সহযোগী শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করেছে। কয়েকজন শিল্প মালিকের সহযোগিতা পাওয়ার বিষয়টিও সরকারের নজরে এসেছে বলে জানান তিনি।
শিল্প মালিক, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখা হবে। অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। বিনিয়োগের পরিবেশ অক্ষুণ্ন রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।
এদিকে, দেশের অপরাধ পরিস্থিতি মূল্যায়নে পরিসংখ্যানের তুলনামূলক বিশ্লেষণের ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে উপস্থাপিত একটি সংবাদপত্রের প্রতিবেদনে ২ হাজার ৯২৯টি হত্যাকাণ্ডের তথ্য উল্লেখ করা হলেও সংখ্যাটি ২ হাজার ৯৩৮ হতে পারে বলে জানান তিনি। তবে পুলিশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে বলে দাবি করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগের বছরের পরিসংখ্যান বিবেচনায় না নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করা ঠিক নয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত আগামীকাল সংসদে ৩০০ বিধিতে উপস্থাপন করবেন বলেও জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের ভেতরে কিংবা বাইরে থেকে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে পতিত ফ্যাসিবাদী শক্তিকে ফিরিয়ে আনার চেষ্টা হলে সরকার তা প্রতিহত করবে।
সদ্য সংবাদ/এসএস