ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের শূন্য পদে সংসদ সদস্য হিসেবে যুক্ত হচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান। এই আসনে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাঁর নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খানের স্বাক্ষরে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে অংশ নিতে গত ২৬ অক্টোবর নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। তিনি বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেন।
পরবর্তী সময়ে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১ নভেম্বর বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে এলিজা জামান তাঁর প্রার্থিতা প্রত্যাহার না করায় এবং ওই আসনে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাঁকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার উপধারা (১) অনুযায়ী নির্বাচন কমিশন তাঁর নাম চূড়ান্ত তালিকায় প্রকাশ করেছে। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শূন্য পদ পূরণের প্রক্রিয়া সম্পন্ন হলো।
সদ্য সংবাদ/এসএস