প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে সরকারি প্রণোদনা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত ‘প্রবাসী কার্ড’ধারীরা দেশে রেমিট্যান্স পাঠালে বর্তমানে প্রচলিত আড়াই শতাংশের পরিবর্তে ৩ শতাংশ প্রণোদনা পাবেন। এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক নূর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, প্রবাসীদের জন্য বিশেষ পরিচয়পত্র হিসেবে ‘প্রবাসী কার্ড’ চালুর ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠালে প্রবাসীরা আড়াই শতাংশ সরকারি প্রণোদনা পান। নতুন উদ্যোগের আওতায় প্রবাসী কার্ডধারীদের জন্য এ হার বাড়িয়ে ৩ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রবাসীদের আর্থিক সুবিধা বাড়ানো এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার ক্ষেত্রে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ নিয়ে উদ্বেগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। যেসব কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাঁদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা করা হবে বলে জানান তিনি।
প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফিরে যাওয়ার ক্ষেত্রে ভিসাসংক্রান্ত জটিলতা নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
সদ্য সংবাদ/এসকে