ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমে আরও গতি আনতে একদিনেই পাঁচটি নতুন সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দুটি বিদ্যমান কমিটি পুনর্গঠন করা হয়েছে। ফলে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত জাতীয় সংসদে গঠিত স্থায়ী ও বিষয়ভিত্তিক কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টিতে।
মঙ্গলবার সংসদ অধিবেশনে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি নতুন পাঁচটি স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো অনুমোদন দেন সংসদ সদস্যরা।
নতুন গঠিত কমিটিগুলোর মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন নোয়াখালী-৪ আসনের মো. শাহজাহান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলনকে।
এ ছাড়া রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নেতৃত্বে থাকছেন খুলনা-৫ আসনের মোহাম্মদ আলী আসগার।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন নাটোর-২ আসনের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন গাজীপুর-৩ আসনের এস এম রফিকুল ইসলাম।
অন্যদিকে, মঙ্গলবার পানি সম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত দুটি স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে রয়েছেন রাজশাহী-৩ আসনের মোহাম্মদ শফিকুল হক মিলন। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে রয়েছেন টাঙ্গাইল-৭ আসনের আবুল কালাম আজাদ সিদ্দিকী।
জাতীয় সংসদে সব মিলিয়ে ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক সংসদীয় কমিটি।
মঙ্গলবার নতুন পাঁচটি কমিটি গঠনের পর এখন পর্যন্ত মোট ৪৫টি কমিটি গঠিত হয়েছে। অর্থাৎ জাতীয় সংসদের বাকি পাঁচটি কমিটিও গঠন করা হলে পূর্ণ হবে সংসদীয় কমিটি গঠনের প্রক্রিয়া।
সদ্য সংবাদ/এসকে