জুলাই-গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধে জড়িত সেই কর্মকর্তার পদোন্নতি

সদ্য সংবাদ ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৩:০২
ছবি: সংগৃহীত

রাজনৈতিক পটপরিবর্তনের পরও প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগ সরকারের সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাদের কেউ কেউ বহাল রয়েছেন। তাদের কয়েকজন আবার পদোন্নতিও পেয়েছেন। এমন পরিস্থিতিতে জুলাই-আগস্টের আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের ঘটনায় অভিযোগের মুখে থাকা টেলিকম ক্যাডারের কর্মকর্তা মির্জা কামাল আহম্মদের পদোন্নতি নিয়ে প্রশ্ন উঠেছে।

মির্জা কামাল আহম্মদ বর্তমানে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) উপব্যবস্থাপনা পরিচালক (রক্ষণাবেক্ষণ ও চালনা) হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাকে পরিচালক (ইঞ্জিনিয়ার) পদ থেকে মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ার) পদে উন্নীত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৭ সেপ্টেম্বর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জারি করা একটি প্রজ্ঞাপনে টেলিকম ক্যাডারের ২০ কর্মকর্তাকে একযোগে পদোন্নতি দেওয়া হয়। ওই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে মির্জা কামাল আহম্মদের নাম। পদোন্নতির পর চতুর্থ গ্রেডের পরিচালক (ইঞ্জিনিয়ার) পদ থেকে তিনি তৃতীয় গ্রেডের জিএম (ইঞ্জিনিয়ার) হয়েছেন।

ইন্টারনেট বন্ধের অভিযোগ

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশে একাধিক দফায় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার ঘটনা ঘটে। ওই সময়ে সরকারি সাবমেরিন কেবল কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি- তৎকালীন বিএসসিপিএলসি- এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মির্জা কামাল আহম্মদ।

ইন্টারনেট শাটডাউনের ঘটনায় তার ভূমিকা নিয়ে পরবর্তীতে অভিযোগ ওঠে। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তাকে একাধিকবার হাজির হতে হয়েছে।

ট্রাইব্যুনালে দেওয়া বক্তব্যে মির্জা কামাল আহম্মদ দাবি করেন, ১৮ জুলাই রাতে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাকে ফোন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, নির্দেশ পাওয়ার প্রায় ১৫ মিনিটের মধ্যেই দেশের দুটি সাবমেরিন কেবল বন্ধ করা হয়।

তবে কোম্পানির সংশ্লিষ্ট কয়েকজনের অভিযোগ, ওই সময় মন্ত্রণালয়ের লিখিত নির্দেশ ছাড়াই শুধু মৌখিক নির্দেশের ভিত্তিতে সাবমেরিন কেবল বন্ধ করা হয়েছিল। তাদের দাবি, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেও ইন্টারনেট বন্ধের বিষয়ে মির্জা কামালের আগ্রহ ছিল।

আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী অবস্থানের অভিযোগ

মির্জা কামাল আহম্মদ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। তার প্রভাব কাজে লাগিয়ে তিনি বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতেন- এমন অভিযোগও করেছেন সংশ্লিষ্টদের কেউ কেউ।

২০১৬ সালে টেলিকম ক্যাডার থেকে প্রেষণে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসিতে উপমহাব্যবস্থাপক হিসেবে যোগ দেন মির্জা কামাল। অভিযোগ রয়েছে, ক্যাডার সার্ভিসে পদোন্নতি না পেলেও তদবিরের মাধ্যমে অল্প সময়ের মধ্যে তাকে মহাব্যবস্থাপক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। পরে তিনি প্রশাসন ও অর্থ বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

অন্যদিকে, কোম্পানিতে সরাসরি নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অনেকেই দীর্ঘ সময় একই পদে থাকার অভিযোগ রয়েছে। ২০০৯ সালে উপমহাব্যবস্থাপক হিসেবে যোগ দেওয়া বেশ কয়েকজন কর্মকর্তা ১৭ বছরেও মহাব্যবস্থাপক পদে উন্নীত হতে পারেননি বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

আর্থিক অনিয়মের অভিযোগ

সাবমেরিন কেবল কোম্পানিতে দায়িত্ব পালনকালে মির্জা কামালের বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারেরও অভিযোগ ওঠে। এর মধ্যে এফডিআর বা স্থায়ী আমানত, বকেয়া আদায় এবং কোম্পানির বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

অভিযোগ রয়েছে, বকেয়া আদায় কমিটির আহ্বায়ক থাকাকালে দুই বছরে কোম্পানির বকেয়া প্রায় ১৬০ কোটি টাকা বেড়ে যায়। যদিও এ সময়ে নিয়মিত বকেয়া আদায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, ৮০টির বেশি সভায় কমিটির সদস্যদের সম্মানী বাবদ ২০ লাখ টাকার বেশি অর্থ ব্যয় হয়েছে।

এ ছাড়া কোম্পানির প্রচলিত ব্যাংকিং ও বিনিয়োগ নীতিমালা অনুসরণ না করে কয়েকটি ব্যাংকে অর্থ বিনিয়োগের অভিযোগও রয়েছে। বিশেষ করে এস আলম-সংশ্লিষ্ট হিসেবে পরিচিত তিনটি ব্যাংকে প্রায় ৫০ কোটি টাকা বিনিয়োগের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

কমেছে আয় ও মুনাফা

মির্জা কামাল আহম্মদ ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে কোম্পানির আর্থিক ফলাফল নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

কোম্পানির হিসাব অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে বিএসসিপিএলসির রাজস্ব ছিল প্রায় ৫১৫ কোটি টাকা। পরের অর্থবছর ২০২৩-২৪ সালে তা কমে দাঁড়ায় ৩৯৮ কোটি টাকায়। অর্থাৎ এক বছরের ব্যবধানে রাজস্ব কমে প্রায় ১১৩ কোটি টাকা।

একই সময়ে কোম্পানির নিট মুনাফাও কমেছে। ২০২২-২৩ অর্থবছরে যেখানে নিট মুনাফা ছিল প্রায় ২৭৯ কোটি টাকা, ২০২৩-২৪ অর্থবছরে তা নেমে আসে ১৮২ কোটি টাকায়। অর্থাৎ মুনাফা কমেছে প্রায় ৯৭ কোটি টাকা।

পদ থেকে সরালেও শাস্তি হয়নি

জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের অভিযোগ এবং সাবমেরিন কেবল কোম্পানিতে দায়িত্ব পালনের সময় ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগের পর অন্তর্বর্তী সরকার মির্জা কামাল আহম্মদকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়।

তবে পদ থেকে সরিয়ে দেওয়ার পর তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংশ্লিষ্টদের অভিযোগ। এবার তৃতীয় গ্রেডে পদোন্নতি পাওয়ার পর আবারও তাকে সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের পদে ফেরানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে।

তার পদোন্নতির বিষয়টি নিয়ে পদোন্নতি পাওয়া অন্য কর্মকর্তাদের মধ্যেও বিস্ময় তৈরি হয়েছে। কোন প্রক্রিয়ায় এবং কার সুপারিশে তিনি পদোন্নতি পেলেন, তা নিয়েও সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

বক্তব্য পাওয়া যায়নি

মির্জা কামাল আহম্মদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। প্রথমদিকে নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে ফোনে সংযোগ পাওয়া গেলেও তিনি কলটি কেটে দেন।

পরবর্তীতে অভিযোগগুলোর বিষয়ে জানতে তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত তার কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. নতুন পে-স্কেলের গেজেট নিয়ে সামনে এলো নতুন তথ্য সদ্য. খোকনের সঙ্গে বিতণ্ডার পর এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি সদ্য. নতুন দামে চলছে স্বর্ণ বিক্রি, ভরিতে কত টাকা? সদ্য. বুলবুলের আমলেই বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে: সুজন সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. নতুন পে-স্কেলের গেজেট নিয়ে সামনে এলো নতুন তথ্য সদ্য. খোকনের সঙ্গে বিতণ্ডার পর এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি সদ্য. নতুন দামে চলছে স্বর্ণ বিক্রি, ভরিতে কত টাকা? সদ্য. বুলবুলের আমলেই বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে: সুজন