দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে জাতীয় সংসদে শুরু হয়েছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট দেওয়া শুরু করেন সংসদ সদস্যরা।
ভোটগ্রহণের শুরুতেই ভোটাধিকার প্রয়োগ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও ভোট দেন।
এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী কর্তা হিসেবে পুরো ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করছেন। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ভোটগ্রহণ শেষে সংসদ সদস্যদের দেওয়া ভোট গণনা করা হবে। সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে দীর্ঘদিনের একক প্রার্থী নির্বাচনের ধারায় পরিবর্তন এসেছে। ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছর প্রথমবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
দীর্ঘ সময় ধরে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী হিসেবে জয়ী হয়ে আসছিলেন। তবে এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পৃথক প্রার্থী দেওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে।
‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্তা হিসেবে নির্বাচন পরিচালনা করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকেই বিজয়ী ঘোষণা করা হবে।
সদ্য সংবাদ/এসএস