একটি অনুষ্ঠানে দেড় মিনিটের বক্তব্য দিতে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ২৫ বার ‘স্যার’ বলে সম্বোধন করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। তাঁর বক্তব্যের এই বিষয়টি ঘিরে সামাজিক ও রাজনৈতিক পরিসরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গামন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে কুড়িগ্রাম জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন ইউএনও তানজিলা তাসনিম। এর মধ্যে ছিল রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব। ভূমি ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠলে রাজারহাটের পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য এলাকার শিক্ষার্থীরাও উপকৃত হবেন। বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপনের জন্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ ছাড়া উপজেলা প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য উপহার দেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান ইউএনও। ভিজিএফের চাল বস্তাবন্দী করে বিতরণের উদ্যোগকেও ইতিবাচক হিসেবে তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় চাল ওঠানো-নামানোর সময় আগে দেখা দেওয়া নানা সমস্যার সমাধান সহজ হবে।
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল নিয়েও বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন তানজিলা তাসনিম। তাঁর মতে, এ উদ্যোগ কর্মীদের কাজের আগ্রহ বাড়াতে সহায়ক হতে পারে।
তবে বক্তব্যের বিভিন্ন বিষয় ছাপিয়ে মন্ত্রীকে বারবার ‘স্যার’ সম্বোধনের বিষয়টিই আলোচনার কেন্দ্রে এসেছে। দেড় মিনিটের বক্তব্যে ২৫ বার এই সম্বোধন ব্যবহারের বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শতাধিক শাড়ি বিতরণ করা হয়।
সদ্য সংবাদ/এসএস