কর্মসূচি নির্ধারণ করল সরকারদীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচিত নতুন রাষ্ট্রপতির শপথ আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে।
বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন ও সংসদ যৌথভাবে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোট শুরুর পাঁচ মিনিট আগে থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে। রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে।
তিনি জানান, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভোট প্রদান শেষ হওয়ার পর বাকি ভোটগ্রহণের কার্যক্রম রেকর্ড করা হবে। ভোট শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আবারও সরাসরি সম্প্রচার শুরু হবে। এরপর ভোটের ফলাফলও সরাসরি সম্প্রচার করা হবে।
নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে বৃহস্পতিবার দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় তৈরি হবে। এর মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নতুন রাষ্ট্রপতির শপথ প্রসঙ্গে চিফ হুইপ জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হবে।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে রয়েছেন কর্নেল (অব.) অলি আহমেদ।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন। একাধিক প্রার্থী থাকায় এবার সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
চিফ হুইপ বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক করার লক্ষ্যেই সরকার কাজ করছে। সরকার ও বিরোধী দলকে অন্তর্ভুক্ত করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এর আগে বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা শুরু হয়। প্রায় ৪০ মিনিটের ওই বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সংসদ সদস্যরা অংশ নেন।
উল্লেখ্য, সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা চৌধুরীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। দীর্ঘ বিরতির পর এবার আবারও একাধিক প্রার্থী নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হতে যাচ্ছে।
সদ্য সংবাদ/এসএস