ঢাকার জন্য ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের ১০০টি: সড়কমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ আগস্ট, ২০২৬ ১৯:৪১:৪৪
ছবি: সংগৃহীত

ঢাকার গণপরিবহন ব্যবস্থায় পরিবেশবান্ধব যান যুক্ত করতে ২০০টি বৈদ্যুতিক বাস বা ইভি বাস কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে অর্ধেক, অর্থাৎ ১০০টি বাস নারীদের জন্য নির্ধারিত বিভিন্ন রুটে চালানোর পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, নতুন ইভি বাসগুলো সরাসরি ক্রয়ের মাধ্যমে সংগ্রহ করা হবে। প্রচলিত প্রকল্পভিত্তিক প্রক্রিয়ায় অনুমোদন, দরপত্র এবং আন্তর্জাতিক ক্রয় কার্যক্রম শেষ করতে দীর্ঘ সময় লাগতে পারে। তাই দ্রুত পরিবেশবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যেই সরাসরি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমাতে বৈদ্যুতিক বাসকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে সড়কমন্ত্রী বলেন, ঢাকায় মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাতেও এসব বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নারীদের জন্য বাসসেবা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ২০০টি ইভি বাসের মধ্যে ১০০টি বিভিন্ন রুটে নারী যাত্রীদের জন্য পরিচালনা করা হবে। বর্তমানে ঢাকাসহ কয়েকটি এলাকায় নারীদের জন্য বিশেষ বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে দেশের অন্যান্য বিভাগ ও জেলাতেও এই সেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী জানান, নারীদের জন্য ১৪টি বাস ১৩টি রুটে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকায় ১০টি রুটে ১০টি বাস চলবে। এর মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস। চট্টগ্রামে একটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

নারীদের নিরাপদ যাতায়াতের বিষয়টি শুধু বাসের ভেতরের পরিবেশে সীমাবদ্ধ নয় উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, বাসের জন্য অপেক্ষার সময় এবং গন্তব্যে পৌঁছানোর পর নামার সময়ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ওঠানামার সময় হয়রানি বা অনিরাপদ পরিস্থিতি তৈরি হলে নারীরা গণপরিবহন ব্যবহারে নিরুৎসাহিত হতে পারেন।

তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। দেশের অর্থনীতি ও উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতসহ দৈনন্দিন চলাচলে তাদের নিরাপদ পরিবহন সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বিআরটিসির কার্যক্রম নিয়েও কথা বলেন সড়কমন্ত্রী। তাঁর দাবি, সংস্থাটি বর্তমানে পাঁচ শতাধিক বাস পরিচালনা করছে এবং মোট বাসের সংখ্যা এক হাজার ২০০-এর কাছাকাছি বা এর বেশি। বর্তমানে বিআরটিসি লোকসানে নেই, বরং প্রায় সমপর্যায়ের আয়-ব্যয়ের অবস্থানে রয়েছে। তবে ব্যবস্থাপনা, পরিচালনা এবং যাত্রীসেবার মান আরও উন্নত করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নারীদের জন্য চালু হওয়া বিশেষ বাসসেবা দীর্ঘমেয়াদি ও টেকসই করার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তাঁর মতে, শুধু উদ্বোধন করলেই দায়িত্ব শেষ হবে না; নিয়মিতভাবে সেবার মান যাচাই, ব্যবস্থাপনার উন্নয়ন এবং প্রয়োজন অনুযায়ী পরিধি বাড়াতে হবে।

তিনি বলেন, নতুন এই উদ্যোগকে টেকসই করা এবং ভবিষ্যতে আরও বিস্তৃত করাই এখন বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করবে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, সড়ক সচিব মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে লিখলেন এসিল্যান্ড সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে লিখলেন এসিল্যান্ড