ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মোট ৬৭৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৪৫৭টি হত্যা মামলা। এসব মামলার মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। এর কিছুদিন পর, ওই বছরের ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসেবে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এপ্রিলে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করে। তবে এখনো এ বিষয়ে নোটিশ জারি হয়নি।
বিচারাধীন ছয় মামলা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান ছয়টি মামলার মধ্যে দুটির সাক্ষ্য গ্রহণ চলছে। বাকি চারটি মামলা রয়েছে অভিযোগ গঠনের পর্যায়ে। প্রতিটি মামলাতেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
আপিলের সময়সীমা পেরিয়েছে
২০২৬ সালের ১৩ জানুয়ারি জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রায়ের বিরুদ্ধে আপিলের জন্য ৩০ দিন সময় নির্ধারিত ছিল। তবে ওই সময়ের মধ্যে তিনি আপিল করেননি।
ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ায় তাঁর আপিল করার সুযোগ আর নেই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি দেশে ফিরলে তা কার্যকর করা হবে। এ ছাড়া ট্রাইব্যুনালে বিচারাধীন অন্য মামলাগুলোতেও তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।
সদ্য সংবাদ/এজে