ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল। ব্যক্তিগত সম্মানহানি ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী।
রোববার (৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। বাদীর বক্তব্য শোনার পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন অভিযোগটি তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিয়েছেন। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বাদীর অভিযোগ, গত ২৭ অক্টোবর তানজিন তিশার ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁকে নিয়ে আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়। এতে সামাজিকভাবে হেয় হওয়ার পাশাপাশি তাঁর পেশাগত মর্যাদাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন সানায়া।
এ ছাড়া মেসেঞ্জারে ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকি এবং তাঁর অনুমতি ছাড়াই ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগও মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।
মামলা করার আগে এ বিষয়ে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন বাদী। সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে পাঠানো নোটিশে দুই দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানান সানায়া।
উল্লেখ্য, ‘শাড়িকাণ্ড’ ঘিরে এর আগেও তানজিন তিশার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা একটি মামলায় বর্তমানে জামিনে রয়েছেন এই অভিনেত্রী। এর মধ্যেই তাঁর বিরুদ্ধে নতুন করে মানহানির মামলা দায়ের হলো।
সদ্য সংবাদ/এসএস