সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
রোববার (৬ সেপ্টেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজের।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত সমন্বিত অভিযানে মোট ১৪ হাজার ১৬৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ১২১ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৬৩৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৪০৮ জন রয়েছেন।
অভিযান শেষে ১২ হাজার ৩৬৩ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া ১৮ হাজার ৯৩৭ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। আরও ৩ হাজার ২৪০ জনকে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় টিকিট নিশ্চিত করতে বলা হয়েছে।
এদিকে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৩১৫ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার, ৪১ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করায় আরও ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে দেশটিতে বসবাসরত ২১ জনকেও আটক করা হয়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন কার্যকর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এসকে