মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাবাকে ঘিরে একাধিক হামলার ঘটনা এবং ইরান থেকে কথিত হুমকির পর ২০ বছর বয়সি ব্যারনের চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানিয়েছে পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্যারন সম্প্রতি তার দ্বিতীয় বর্ষের পড়াশোনা শেষ করেছেন। তবে বর্তমানে তাকে খুব একটা জনসমক্ষে দেখা যাচ্ছে না। পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, দিনের বড় একটি সময় তিনি ব্যক্তিগত পরিসরেই কাটাচ্ছেন।
গ্রীষ্মের সময়টাতে ব্যারন নিউ জার্সির বেডমিনস্টারে ট্রাম্প পরিবারের মালিকানাধীন গলফ ক্লাবে তার মা মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ছিলেন বলেও ওই সূত্রের দাবি।
ব্যারনের নিরাপত্তা নিয়ে উদ্বেগের অন্যতম কারণ হিসেবে সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওর কথা বলা হয়েছে। সেখানে একটি ইরানি গোষ্ঠী তাকে খুঁজে বের করার আহ্বান জানিয়ে তার মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে বলে দাবি করা হয়েছে। ভিডিওতে মেলানিয়া ট্রাম্পকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে।
এই পরিস্থিতিতে ব্যারনের অবস্থান, ব্যক্তিগত তথ্য কিংবা চলাফেরার বিষয়ে কোনো তথ্য প্রকাশ না করার জন্য মেলানিয়া ট্রাম্পের দপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের জুলাই থেকে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে অন্তত তিনটি হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার পাশাপাশি ২০২৫ সালে রক্ষণশীল কর্মী চার্লি কার্ক নিহত হওয়ার ঘটনাও ব্যারনকে মানসিকভাবে নাড়া দিয়েছিল বলে পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে দাবি করা হয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পরিবারের সদস্যকে ঘিরে এমন হুমকি থাকলে জনসমাগম এড়িয়ে চলা এবং ব্যক্তিগত পরিসরে থাকা অস্বাভাবিক কোনো বিষয় নয়। বিশেষ করে পরিচিত রাজনৈতিক পরিবারের সদস্যদের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
ট্রাম্প পরিবারের অন্য সদস্যরা রাজনীতি ও ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত থাকায় নিয়মিত জনসমক্ষে থাকলেও ব্যারন বরাবরই তুলনামূলকভাবে ব্যক্তিগত জীবনযাপন পছন্দ করেন। রাজনীতির পরিবর্তে ব্যবসা ও বিনিয়োগের প্রতি তার আগ্রহ বেশি বলে জানা যায়। বন্ধুদের সঙ্গে ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের সঙ্গেও তার সম্পৃক্ততার কথা বিভিন্ন প্রতিবেদনে এসেছে।
সাম্প্রতিক সময়ে ব্যারনকে জনসমক্ষে দেখা যাওয়ার উল্লেখযোগ্য ঘটনা ছিল ১৯ জুলাই। সেদিন মেটলাইফ স্টেডিয়ামে বাবা-মায়ের সঙ্গে ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন তিনি। নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ কাঁচের আড়ালে তাকে দেখা যায়।
এর পর থেকে ব্যারনের প্রকাশ্য উপস্থিতি অনেকটাই সীমিত হয়ে পড়েছে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তার চলাফেরায় এই পরিবর্তন বলে ধারণা করা হচ্ছে।
সদ্য সংবাদ/এসএস