যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন নিষেধাজ্ঞা নিয়ে এবার বিশ্বের দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছে ইরান। তেহরানের দাবি, মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোনো দেশ সহযোগিতা করলে তাকেও যুক্তরাষ্ট্রের মতোই দায়ী করা হবে।
শুক্রবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অন্য কোনো দেশের ওপর যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে সহায়তা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের শামিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বার্তায় ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে ‘বেআইনি ও নিন্দনীয়’ বলে উল্লেখ করে। তেহরানের অভিযোগ, এ ধরনের পদক্ষেপ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পর্যায়ে পড়ে এবং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে তুলনীয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দাবি করেছে, নতুন নিষেধাজ্ঞার কারণে দেশটির লাখ লাখ মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্যব্যবস্থা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আইনের শাসন ও আন্তর্জাতিক বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়েছে তেহরান। একই সঙ্গে ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় সব সক্ষমতা কাজে লাগাবে তারা।
এর আগে গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনো দেশ ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে গেলে সেই দেশও মার্কিন পদক্ষেপের মুখে পড়তে পারে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে তেহরানের এই সতর্কবার্তা সামনে এলো।
সূত্র: রয়টার্স
সদ্য সংবাদ/এসকে