ভারতের হায়দ্রাবাদে সড়ক দুর্ঘটনায় ২৬ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্ধ্রপ্রদেশের রাজ্যসভার সদস্য লিঙ্গামানেনি রমেশের ছেলে সঞ্জুশের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
নিহত ভারতী মুখি হায়দ্রাবাদের ইনঅরবিট মলের একটি পোশাকের দোকানে চাকরি করতেন। গত ১৬ আগস্ট মাধাপুর এলাকায় কর্মস্থলের কাছেই রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
পুলিশের তদন্তে ওই গাড়ির চালক হিসেবে সঞ্জুশের নাম উঠে আসে। দুর্ঘটনার পর আহত ভারতীকে একই গাড়িতে করে জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তদন্তসংশ্লিষ্টরা জানান, ঘটনার আগে ভারতী তার সহকর্মী পূজা অশোকের সঙ্গে দুপুরের খাবার খেতে আইটিসি কোহিনুর এলাকায় গিয়েছিলেন। পরে দুজন কর্মস্থলে ফেরার সময় ইনঅরবিট মলের সামনে রাস্তা পার হচ্ছিলেন। তখনই গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর ভারতীর সহকর্মী পূজা বিষয়টি দোকানের ব্যবস্থাপক অশ্বিন কুমারকে জানান। পরে তার মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়।
মাধাপুরের সহকারী পুলিশ কমিশনার চি শ্রীধর জানিয়েছেন, অভিযুক্ত সঞ্জুশকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১) ধারায় মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধারাটি জামিনযোগ্য এবং এতে সর্বোচ্চ সাত বছরের কম সাজা হওয়ার বিধান থাকায় ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। দুর্ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
সঞ্জুশ অন্ধ্রপ্রদেশের ব্যবসায়ী ও রাজ্যসভার সদস্য লিঙ্গামানেনি রমেশের ছেলে। রমেশ জনসেনা পার্টির সংসদ সদস্য; দলটির প্রধান অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ।
সদ্য সংবাদ/এসএস