নিজের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় পুরোনো ছবি ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করেছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। তাঁর অনুমতি ছাড়া কোনো সংবাদ, প্রতিবেদন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণায় এসব ছবি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন তিনি। অন্যথায় প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন এই শিল্পী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন লুবাবা।
পোস্টে তিনি জানান, তাঁর পুরোনো ছবি ব্যবহার করে কোনো ধরনের সংবাদ, প্রতিবেদন, পোস্ট বা প্রচারণা প্রকাশের আগে অবশ্যই তাঁর সম্মতি নিতে হবে। ব্যক্তি, গণমাধ্যম কিংবা কোনো প্রতিষ্ঠান—কারও ক্ষেত্রেই এ বিষয়ে ছাড় দিতে চান না তিনি।
লুবাবার ভাষ্য, ব্যক্তিগতভাবে ছবি বা ভিডিও প্রকাশে তাঁর আগ্রহ নেই। ধর্মীয় বিধান মেনে পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে চলতে চান তিনি। সে কারণে অতীতের কোনো ছবি ব্যবহার করে তাঁকে নিয়ে প্রচারণা চালানো বা সংবাদ প্রকাশ করা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের পরিপন্থি।
অনুমতি ছাড়া ছবি ব্যবহার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। প্রয়োজনে রাষ্ট্রের প্রচলিত আইনের আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করেন শিশুশিল্পী।
এ ছাড়া তাঁর সম্মতি ও ব্যক্তিগত অধিকারের বিষয়টি জেনেও কেউ তা অমান্য করলে কিয়ামতের দিন আল্লাহর কাছে অভিযোগ জানাবেন বলেও পোস্টে উল্লেখ করেন লুবাবা।
পোস্টের মাধ্যমে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে অনুমতি ছাড়া পুরোনো ছবি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
সদ্য সংবাদ/এজে