ফ্যাশন ও মডেলিং জগতে নতুনদের সুযোগ করে দিতে রাজধানীতে শুরু হয়েছে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইকের বিশেষ অডিশন ক্লাস। এর মাধ্যমে তরুণ প্রজন্মের সম্ভাবনাময় মডেলদের খুঁজে বের করার পাশাপাশি তাদের পেশাগত প্রস্তুতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার রাজধানীর গুলশানের নিকেতনে আয়োজিত প্রথম দিনের অডিশনে অংশ নেন প্রায় ১২০ জন শিক্ষার্থী। প্রাথমিক যাচাই শেষে তাদের মধ্য থেকে ২৫ জনকে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হয়। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, কয়েক ধাপে বাছাই ও প্রশিক্ষণের মাধ্যমে এসব তরুণ-তরুণীর মধ্য থেকে দক্ষ মডেল তৈরি করা হবে।
অডিশন কার্যক্রমে বিচারকের দায়িত্ব পালন করেন মডেল ও কোরিওগ্রাফার সৈয়দ রুমা, স্টাইলিস্ট ও ফ্যাশন কোরিওগ্রাফার রাকিব বাবু, ফাতিহা মিয়ামী, মাশিয়াত রহমান ও তাসনুভা খানসহ সংশ্লিষ্টরা।
বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের র্যাম্পে হাঁটার দক্ষতা, আত্মবিশ্বাস, ক্যামেরার সামনে স্বাভাবিকভাবে নিজেকে উপস্থাপন এবং পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।
আয়োজক কমিটির প্রধান সুমন হোসেন ও মো. মনিরুজ্জামান অপূর্ব বলেন, মডেলিংয়ে প্রতিষ্ঠিত হতে বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। অডিশনের মাধ্যমে নির্বাচিতদের শুধু র্যাম্পে হাঁটা নয়, বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে ধাপে ধাপে প্রস্তুত করা হবে।
প্রথম দিনের কার্যক্রমেই অংশগ্রহণকারীদের র্যাম্পে চলাফেরার কৌশল, ক্যামেরার সামনে উপস্থাপনা এবং পোশাক বাছাইয়ের বিভিন্ন দিক শেখানো হয়। পাশাপাশি পেশাদার মডেল হিসেবে কাজ করার জন্য মানসিক প্রস্তুতি ও আচরণগত দক্ষতার ওপরও গুরুত্ব দেন প্রশিক্ষকেরা।
অডিশনে অংশ নেওয়া কয়েকজন নবীন মডেল জানান, শুরুতেই র্যাম্প ওয়াকের সময় শরীরের ভঙ্গি, চোখের অভিব্যক্তি এবং আত্মবিশ্বাস ধরে রাখার বিষয়ে তারা গুরুত্বপূর্ণ নির্দেশনা পেয়েছেন। ভবিষ্যতে এসব প্রশিক্ষণ তাদের মডেলিং ক্যারিয়ারে কাজে আসবে বলে আশা করছেন তারা।
আয়োজকদের প্রত্যাশা, এই কার্যক্রমের মধ্য দিয়ে দেশের ফ্যাশন অঙ্গনে নতুন প্রতিভার প্রবেশ ঘটবে। পর্যায়ক্রমে নির্বাচিতদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যও রয়েছে তাদের।
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণ ও বাছাইয়ের বিভিন্ন ধাপ শেষে নির্বাচিতদের নিয়ে একটি বড় পরিসরের র্যাম্প শো আয়োজন করা হবে। সেখানে নবীনদের পাশাপাশি অভিজ্ঞ মডেলদের অংশগ্রহণের সুযোগ থাকবে।
সদ্য সংবাদ/এসএস