দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দামসহ সব ধরনের স্বর্ণালংকারের মূল্য পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন তালিকায় ভ্যাটসহ প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ১১৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই দেশের বাজারে স্বর্ণের নতুন দর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণালংকার কিনতে এখন ভ্যাটসহ খরচ হবে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। আগের দিন একই পরিমাণ স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। অর্থাৎ এক ভরিতে দাম কমেছে ৭ হাজার ১১৫ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির নতুন দর ১ লাখ ৯৭ হাজার ৩৫৪ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকায়।
স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও।
নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩০৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা।
বাজুস জানিয়েছে, নতুন নির্ধারিত এসব দাম শনিবার সকাল ১০টা থেকে দেশের বাজারে কার্যকর হয়েছে।
সদ্য সংবাদ/এসকে