উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আমেজ ক্রমেই জোরালো হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ঠান্ডা বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। এর মধ্যে এক দিনের ব্যবধানে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের গত কয়েক দিনের তথ্যেও তাপমাত্রার ওঠানামার চিত্র পাওয়া গেছে। ২৪ নভেম্বর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। পরদিন তা নেমে আসে ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। ২৬ নভেম্বর আবার বেড়ে হয় ১৪ ডিগ্রি। পরদিন শুক্রবার তাপমাত্রা আরও বেড়ে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তবে শনিবার আবারও উল্লেখযোগ্যভাবে কমেছে তাপমাত্রা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনের বেলায় সূর্যের আলো থাকায় শীতের তীব্রতা তুলনামূলক কম অনুভূত হয়। কিন্তু বিকেল থেকে ঠান্ডা বাড়তে শুরু করে। রাত গভীর হলে এবং ভোরের দিকে হিমেল বাতাসে শীত বেশি অনুভূত হচ্ছে। হালকা কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাসে স্বাভাবিক জীবনযাত্রায়ও শীতের প্রভাব পড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, এ অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে পঞ্চগড়সহ আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সদ্য সংবাদ/এজে