পদ্মার অব্যাহত ভাঙনে অস্তিত্ব সংকটে পড়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী সুরেশ্বর বাজার ও মাছঘাট। নদীভাঙন প্রতিরোধে ১ হাজার ৪০৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত তীররক্ষা বাঁধের একটি অংশ ধসে পড়েছে কাজ শেষ হওয়ার মাত্র তিন বছরের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে প্রায় দুই কোটি টাকা খরচ করে বালুভর্তি জিওব্যাগ ফেলা হলেও সেগুলোর বড় অংশ নদীর গভীরে চলে যাওয়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পদ্মার গ্রাসে বিলীন হতে পারে কয়েক দশকের পুরোনো মাছবাজার, ব্যবসাপ্রতিষ্ঠান ও নৌঘাট। এতে কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়বেন কয়েক শ মানুষ। ব্যাহত হতে পারে এলাকার গুরুত্বপূর্ণ নৌযোগাযোগও।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে পদ্মার ভাঙনে জাজিরা ও নড়িয়ার বিভিন্ন এলাকার ঘরবাড়ি, কৃষিজমি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এরপর ভাঙন ঠেকাতে জাজিরার বিলাসপুরের শফিকাজীর মোড় থেকে নড়িয়ার সুরেশ্বর মাছঘাট পর্যন্ত ১০ দশমিক ২ কিলোমিটার এলাকায় তীররক্ষা প্রকল্প হাতে নেওয়া হয়। ২০১৯ সালে শুরু হওয়া নির্মাণকাজ শেষ হয় ২০২৩ সালে। প্রকল্পটিতে মোট ব্যয় হয় ১ হাজার ৪০৩ কোটি টাকা।
কিন্তু গত ১ অক্টোবর বাঁধের শেষ প্রান্তে নতুন করে ভাঙন শুরু হলে প্রায় ১৩৫ মিটার অংশ নদীতে বিলীন হয়ে যায়। একই সঙ্গে মাছবাজারের অন্তত ২০টি দোকানও হারিয়ে যায় নদীগর্ভে। ঝুঁকি এড়াতে আশপাশের ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট প্রায় ২০০ মিটার দূরে সরিয়ে নেন।
এরপর ২ অক্টোবর থেকে ভাঙন ঠেকাতে জরুরি কার্যক্রম শুরু করে পাউবো। ১৬ অক্টোবর পর্যন্ত ১৫ দিনে ওই এলাকায় ৪০ হাজার ৫০০টি বালুভর্তি জিওব্যাগ ফেলা হয়। এতে ব্যয় হয় প্রায় দুই কোটি টাকা। তবে এক মাসের মধ্যেই বৃষ্টি ও নদীর প্রবল স্রোতে তীরের মাটি সরে যাওয়ায় জিওব্যাগের উল্লেখযোগ্য অংশ নদীর গভীরে চলে গেছে। ফলে অস্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
সুরেশ্বর মাছবাজারের ব্যবসায়ী মোকলেস মোল্লার ভাষ্য, প্রায় ৭০ বছর আগে পদ্মার তীরে বাজারটির যাত্রা শুরু হয়। আগে ভাঙনের অভিজ্ঞতা থাকলেও নতুন বাঁধ নির্মাণের পর তাঁরা নিরাপদ থাকার আশা করেছিলেন। কিন্তু আবারও ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিতে হয়েছে।
একই উদ্বেগের কথা জানিয়েছেন মাছঘাট এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম। তাঁর দোকানও এখন ভাঙনের ঝুঁকিতে রয়েছে। তাঁর দাবি, সম্প্রতি ফেলা বালুর বস্তাগুলো বৃষ্টির পর নদীর গভীরে চলে যাওয়ায় এলাকাটি আবারও অরক্ষিত হয়ে পড়েছে।
স্থানীয়দের কাছে সুরেশ্বর শুধু একটি বাজার নয়, দীর্ঘদিনের বাণিজ্য ও যোগাযোগের কেন্দ্র। প্রায় ১২০ বছর ধরে সুরেশ্বর ঘাট দিয়ে বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত ও পণ্য পরিবহন করে আসছেন। পরবর্তী সময়ে ঘাটকে ঘিরেই গড়ে ওঠে বাজার ও মাছবাজার। বর্তমানে সেখানে প্রায় ৪০টি মাছের আড়ত, পাঁচটি বরফের দোকানসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত জেলে, মাছ ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মব্যস্ততায় মুখর থাকে এলাকাটি। কয়েক শ মানুষের জীবিকা এই বাজারের ওপর নির্ভরশীল। পাশাপাশি সুরেশ্বর লঞ্চঘাট দিয়ে প্রতিদিন যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন।
বাজারটির দীর্ঘদিনের ব্যবসায়ীদের একজন ৭৫ বছর বয়সী বোরহানউদ্দিন বাবুর্চি। প্রায় ছয় দশক ধরে ধান-চালের ব্যবসা করছেন তিনি। তাঁর অভিজ্ঞতায়, গত ৫০ বছরে চারবার ভাঙনের মুখে পড়েছে সুরেশ্বর বাজার। নতুন বাঁধ নির্মাণের পর স্বস্তি ফিরলেও সেটিতে আবার ভাঙন দেখা দেওয়ায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তিনি।
পাউবোর প্রকৌশলীরা বলছেন, চলতি বর্ষা মৌসুমের শুরু থেকেই সুরেশ্বর এলাকায় পদ্মার গভীরতা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। অক্টোবরে চার দফা সমীক্ষায় বাঁধসংলগ্ন নদীর অংশে ২০ থেকে ৩০ মিটার গভীরতা পাওয়া গেছে। অথচ ওই স্থানে স্বাভাবিক গভীরতা থাকার কথা ৩ থেকে ৭ মিটার। নদীর তলদেশে এমন গভীরতা তৈরি হওয়ায় তীরের মাটি ধসে পড়ছে বলে তাঁদের ধারণা।
এদিকে ভাঙন ঠেকাতে ১৬০ মিটার এলাকায় স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের জন্য নতুন নকশা তৈরি করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নকশাটি অনুমোদিত হয়েছে। তবে কাজ শুরুর জন্য এখনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। ব্যয় নির্ধারণ করে মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানোর পর অর্থ পাওয়া সাপেক্ষে সংস্কারকাজ শুরু করা হবে।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সজল পারভেজ জানান, ভাঙন দেখা দেওয়ার পর জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা হয়েছিল। সাম্প্রতিক বৃষ্টিতে সেগুলোর কিছু অংশ নদীর তলদেশে জমা হয়েছে, ভেসে যায়নি। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত অংশ স্থায়ীভাবে সংস্কারের পরিকল্পনা রয়েছে। নকশা অনুমোদনের পর এখন ব্যয় নির্ধারণ ও অর্থ বরাদ্দের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
তবে অর্থ বরাদ্দ ও স্থায়ী সংস্কারের কাজ শুরু হতে কতটা সময় লাগবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এর মধ্যে পদ্মার ভাঙন অব্যাহত থাকায় সুরেশ্বরের ব্যবসায়ী, জেলে ও বাসিন্দাদের মধ্যে বাড়ছে উদ্বেগ।
সদ্য সংবাদ/এজে