নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আনোয়ার হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। একই রাতে জেলার বিভিন্ন স্থানে বাস ও ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি চট্টগ্রামে শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা, পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ এবং এক ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২২ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর থানার শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত কনস্টেবল আনোয়ার হোসেন ও এএসআই আবদুস সাত্তার সাদা পোশাকে তথ্য সংগ্রহের কাজে বের হন। একপর্যায়ে তারা ফতুল্লা থানার সীমানায় প্রবেশ করলে দুর্বৃত্তরা তাদের ধাওয়া করে। এ সময় এএসআই আবদুস সাত্তার পালিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হলেও হামলাকারীদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান আনোয়ার।
পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সাদা পোশাকে থাকলেও হামলাকারীরা পুলিশ সদস্যদের চিনতে পেরেছিল বলে ধারণা করা হচ্ছে। কারা এ হামলা চালিয়েছে, তা খুঁজে বের করতে অনুসন্ধান চলছে। তদন্তের জন্য সময় প্রয়োজন বলেও জানান তিনি।
এদিকে, একই রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দাঁড়িয়ে থাকা ঝুটবোঝাই একটি ট্রাকেও অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেল থেকে কিছু একটা ছুড়ে মারার পর বাসটিতে আগুন ধরে যায়। ট্রাকে আগুনের ঘটনায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। রোববার রাত ৮টার দিকে ট্রেনে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হলে নিরাপত্তাকর্মীরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের সামনেও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও একটি ককটেল উদ্ধার করা হয়।
এ ছাড়া চট্টগ্রামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করার অভিযোগে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে এসব সহিংসতা, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চলছে।
সদ্য সংবাদ/এজে