চট্টগ্রামের মিরসরাইয়ে শারদীয় দুর্গোৎসবের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের কথা স্মরণ করেছেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন। একই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মিরসরাই উপজেলার মিঠানালা রামকৃষ্ণ সমিতির উদ্যোগে দুর্গোৎসবের সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুরুল আমিন বলেন, মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এ সময় গত ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে তাঁকে নির্বাচিত করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নেরও আশ্বাস দেন সংসদ সদস্য।
অনুষ্ঠানের সূচনা হয় সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে। শোভাযাত্রাটি পূজামণ্ডপ থেকে শুরু হয়ে মিঠাছরা মহামায়া মন্দির ও মিরসরাই কালী বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করে আবার মূল পূজামণ্ডপে ফিরে আসে। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এমপি নুরুল আমিন।
মিঠানালা রামকৃষ্ণ সমিতির সভাপতি জহর লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার তপন ধুম। এতে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক অনির্বাণ চৌধুরী রাজীব, কেন্দ্রীয় যুবদলের সদস্য আমিনুল ইসলাম তৌহিদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রাহেল এবং মিঠানালা রামকৃষ্ণ সমিতির সাধারণ সম্পাদক রাজীব কুমার নাহাসহ অন্যরা।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী, পূজা উদ্যাপন কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারক ম্যাগাজিন ‘শারদাঞ্জলি’র মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিজশ্রী কুমার নাহা গীতা পাঠ করেন। দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে চট্টগ্রামের ব্যান্ড দল ‘দ্য মেলোডি’।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ছিল।
সদ্য সংবাদ/এসকে