পটুয়াখালীর কলাপাড়ায় দুই নারীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারি আবাসনের হানিফ মৃধার বাড়িতে একই গ্রামের এক নারী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকেন। তাঁর এক বোনের চলাফেরা নিয়ে স্থানীয়দের মধ্যে আগে থেকেই নানা আলোচনা ছিল। চার দিন আগে তিনি ময়মনসিংহ থেকে এক নারীকে ওই বাড়িতে নিয়ে আসেন। এরপর তাঁরা স্বামী-স্ত্রীর মতো বসবাস করছেন বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়দের দাবি, গতকাল রাতে ওই দুই নারী ঘরের ভেতর বাসরঘরের মতো সাজসজ্জা করে রাতযাপন করেন। বিষয়টি আজ জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার হাবিব বিষয়টি তাঁদের পরিবারের সদস্যদের জানান। বর্তমানে ওই দুই নারী ইউপি সদস্যের জিম্মায় রয়েছেন বলে জানা গেছে।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দুই নারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।”
সদ্য সংবাদ/ এআর