হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিহত সোহাগের বয়স ২০ বছর। তিনি চিমটিবিল সীমান্ত এলাকার বাসিন্দা শফিক মিয়ার ছেলে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, রোববার সকালে সীমান্তসংলগ্ন এলাকায় গরু রাখতে গিয়েছিলেন সোহাগ। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
ঘটনার পর তাকে খুঁজতে সীমান্ত এলাকায় যান পরিবারের সদস্যরা। পরে সেখান থেকে আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আব্দুল কাদির অভিযোগ করেন, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই সোহাগের ওপর গুলি চালানো হয়।
এদিকে, পুলিশ জানিয়েছে, সোহাগের মরদেহ বর্তমানে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম।
সদ্য সংবাদ/এসএস