মাগুরায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার অভিযোগে নাঈমুজ্জামান নয়ন নামে সাবেক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে মাগুরা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। নয়ন ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এবং মাগুরা সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে পুলিশ সদস্য মো. ইমরান হোসেনের সঙ্গে নয়নের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রকাশ্যে ওই পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার অভিযোগ ওঠে নয়নের বিরুদ্ধে।
ঘটনার সময় উপস্থিত কেউ একজন পুরো বিষয়টি ভিডিও করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। ইমরান হোসেন মাগুরা পুলিশ লাইন্সে কর্মরত। একজন পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয় বলে জানা গেছে।
ঘটনার পর শুক্রবার রাতে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা নয়নকে সঙ্গে নিয়ে মাগুরা সদর থানায় যান। রাত ৮টার দিকে পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ নেতারা থানায় উপস্থিত ছিলেন। সেখানে নয়ন ঘটনাটিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে পুলিশ সদস্য ইমরান হোসেনের কাছে দুঃখ প্রকাশ করেন। পরে দুই পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।
তবে এর পরও ঘটনার বিষয়ে পুলিশের মধ্যে অসন্তোষ অব্যাহত ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
শনিবার দুপুরে নয়নকে গ্রেপ্তারের পর মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
সদ্য সংবাদ/এসএস