লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমানকে ঘিরে দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থানের অভিযোগ উঠেছে। বিদ্যালয় থেকে মাত্র তিন দিনের ছুটি নিয়ে ২০২২ সালের আগস্টে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর এখনো তিনি কর্মস্থলে ফেরেননি। বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় সরকারি অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ আগস্ট থেকে তিন দিনের ছুটি নেন জিল্লুর রহমান। পরদিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি বিদ্যালয়ে যোগ দেননি। এভাবে প্রায় সাড়ে তিন বছর ধরে তিনি কর্মস্থলের বাইরে রয়েছেন।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরেও যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। সে সময় দুই মাসের ছুটি নেওয়া হলেও প্রায় পাঁচ মাস পর দেশে ফেরেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদেশে যাওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। দেশে ফিরে সরকারি বেতন-ভাতা উত্তোলনের অভিযোগও করেছেন বিদ্যালয়-সংশ্লিষ্টরা।
প্রধান শিক্ষকের দীর্ঘ অনুপস্থিতির বিষয়টি নিয়ে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর তৎকালীন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চিঠি দেন। ওই সময় তিনি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বেও ছিলেন। চিঠিতে জিল্লুর রহমানের বিদেশে অবস্থান ও কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
এদিকে, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থাপনায় প্রভাব পড়ছে বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকেরা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাপ্তরিক দায়িত্ব পালন করলেও দীর্ঘমেয়াদি এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানে স্থায়ী নেতৃত্বের ঘাটতি তৈরি হয়েছে বলে তাঁদের দাবি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা ফারুকী বলেন, প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তিনি কবে বিদ্যালয়ে ফিরবেন, সে বিষয়েও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে তাঁর পদ এখনো শূন্য ঘোষণা করা হয়নি।
অভিযোগের বিষয়ে জিল্লুর রহমানের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সরাসরি যোগাযোগও সম্ভব হয়নি।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিধান রয়েছে। জিল্লুর রহমানের বিদেশ যাওয়ার বিষয়ে প্রয়োজনীয় অনুমতি ছিল কি না, সে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র বলেন, অনুমতি ছাড়া কোনো শিক্ষক দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারেন না। জিল্লুর রহমানের দীর্ঘ অনুপস্থিতির বিষয়টি তিনি সম্প্রতি জানতে পেরেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, কোনো শিক্ষকের পদ শূন্য ঘোষণা করার ক্ষমতা জেলা শিক্ষা কর্মকর্তার হাতে নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করে বিধি অনুযায়ী পদ শূন্য ঘোষণা বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দিতে পারে।
২০১৭ সালের ১৯ মার্চ জাতীয়করণ হওয়া রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমিতে বর্তমানে প্রায় এক হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রধান শিক্ষকের দীর্ঘ অনুপস্থিতির কারণে তৈরি হওয়া পরিস্থিতির দ্রুত সমাধান চান বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সদ্য সংবাদ/এসএস