মাদারীপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এনামুল দর্জি (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৭ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উত্তর ঝিকরহাটি এলাকায় এনামুল দর্জির বাড়ির সামনে পাকা সড়কের ওপর তাকে আটক করা হয়। পরে তার দখল থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার এনামুল দর্জি উত্তর ঝিকরহাটি এলাকার ইব্রাহিম দর্জির ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এসকে