মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬:৫৫ টায় টঙ্গীবাড়ী থানাধীন সেরাজাবাদ সনিবাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলাজুড়ে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সেরাজাবাদ এলাকার নয়নের স্বর্ণের দোকানের সামনের সড়কে অভিযান পরিচালনা করেন। অভিযানে দুইজনকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সীগঞ্জের চরডুমুরিয়া (আউশিপাড়া) এলাকার মৃত চান মিয়ার ছেলে মোঃ জসিম শেখ (৪৩) এবং দক্ষিণ বেহেরকান্দি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে নাজিম (২৭)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১ নম্বর আসামী মোঃ জসিম শেখের বিরুদ্ধে পূর্বেও ৮টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সদ্য সংবাদ/এসকে