রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে মাদকসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গোলাম রব্বানী শামীম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটির সদস্য এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় গোলাম রব্বানী শামীমকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১৪ বোতল কফ সিরাপ ও এক পুরিয়া গাঁজা জব্দ করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তার গোলাম রব্বানী শামীম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখছিলেন। ঢাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং দলটির মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা সূত্র।
সদ্য সংবাদ/ এআর