নির্বাচনের আগে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং ক্যাম্পাসে সুযোগ-সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নারী সদস্যরা। তাঁদের নির্বাচনী ইশতেহারে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, কমনরুমের উন্নয়ন, প্রযুক্তিগত সুবিধা এবং আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার্থীদের মতপ্রকাশের সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্ব পেয়েছিল। তবে নির্বাচনের পর এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটা অগ্রগতি হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি নির্বাচনে জয়ী হওয়ার পর কয়েকজন নারী সদস্যকে ক্যাম্পাসে কম দেখা যায় বলেও অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীদের কেউ কেউ।
দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ২০২৬ সালের ৫ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে প্রার্থীরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। নারী সদস্যদের ইশতেহারেও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, কমনরুমের উন্নয়ন, প্রযুক্তিগত সুবিধা এবং আন্তর্জাতিক বিষয়ে মতপ্রকাশের সুযোগ তৈরির প্রতিশ্রুতি ছিল। তবে নির্বাচন-পরবর্তী সময়ে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।
সুখিমন: বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক
নির্বাচনী ইশতেহারে অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী সাইবার সেল গঠন এবং এ বিষয়ে সুস্পষ্ট ও কার্যকর নীতিমালা প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন জকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখিমন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ও সার্ভারে রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) চালুর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত আইডি ব্যবহার করে স্কোর, গ্রেড, জিপিএ ও সিজিপিএ দেখার সুযোগ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।
এ ছাড়া পুরো ক্যাম্পাসে শক্তিশালী ওয়াই-ফাই সংযোগ, শ্রেণিকক্ষে পর্যাপ্ত সাউন্ড সিস্টেম এবং আধুনিক প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করাকে নিজের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন সুখিমন।
এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি জানতে তাঁর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল বা খুদে বার্তার উত্তর দেননি।
নওশিন জয়া: আন্তর্জাতিক সম্পাদক
নওশিন জয়ার নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল গ্লোবাল অ্যালামনাই নেটওয়ার্ক গঠন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে গত ১ ফেব্রুয়ারি তাঁর উদ্যোগে এবং জবি আইটি সোসাইটি ও সিএসই ক্লাবের যৌথ সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্ম ‘JnU Global Alumni Network (JnUGAN)’-এর ওয়েবসাইট উদ্বোধন করা হয়।
এ ছাড়া আন্তর্জাতিক বিভিন্ন গণহত্যা ও বৈশ্বিক ঘটনাপ্রবাহ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং তাঁদের মতপ্রকাশের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আদলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা ও মানবিক সংকট নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরার একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা ছিল তাঁর।
এ বিষয়ে নওশিন জয়া বলেন, “আমার নির্বাচনী ইশতেহারের সবচেয়ে বড় প্রতিশ্রুতি ছিল একটি গ্লোবাল অ্যালামনাই নেটওয়ার্ক গঠন করা, যা আমি বাস্তবায়ন করতে পেরেছি। এ ছাড়া শিক্ষার্থীদের কল্যাণে ছোট ছোট আরও অনেক কাজ করেছি। তবে আমি কখনো এসব কাজের প্রচার-প্রচারণা চাইনি। যতটুকু কাজ করেছি, সবই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন উপকৃত হন, সেই চিন্তা থেকেই করেছি।”
তিনি আরও বলেন, “ফান্ড একটা বড় ইস্যু ছিল। অর্থের সংস্থান যথাসময়ে না হওয়ায় অনেকগুলো কাজ করতে পারিনি।”
ফাতেমা ওউরিন: কার্যনির্বাহী সদস্য
নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও কমনরুমের উন্নয়ন
নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন জকসুর কার্যনির্বাহী সদস্য ফাতেমা ওউরিন। তাঁর নির্বাচনী ইশতেহারে নিরাপত্তাসংক্রান্ত সমস্যা মোকাবিলায় অ্যাপ ও ট্র্যাকিং ব্যবস্থা চালু এবং এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা উল্লেখ ছিল।
এ ছাড়া নারী শিক্ষার্থীদের কমনরুমে নিয়মিত পত্রিকা ও ম্যাগাজিন রাখার পাশাপাশি চাকরিসংক্রান্ত বিজ্ঞপ্তি ও প্রশাসনিক নোটিশের জন্য বিশেষ নোটিশ হাব তৈরির প্রতিশ্রুতি দেন তিনি। কমনরুমে সবুজ পরিবেশ গড়ে তোলা, এর পাশে আধুনিক ক্যাফে স্থাপন এবং নারী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে ‘শো ইয়োর ট্যালেন্ট’ নামে বিশেষ আয়োজনের পরিকল্পনাও ছিল তাঁর। পাশাপাশি ধূপখোলা মাঠে নারী প্রশিক্ষকের মাধ্যমে সাপ্তাহিক বহিরাঙ্গন খেলাধুলার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন ফাতেমা ওউরিন।
প্রতিশ্রুতিগুলোর অগ্রগতি সম্পর্কে ফাতেমা ওউরিন জানান, নারী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। নারী শিক্ষার্থীদের কমনরুমে ম্যাগাজিন রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পত্রিকা সরবরাহের ব্যবস্থাও করা হচ্ছে।
তিনি জানান, বিজ্ঞান অনুষদের নারী শিক্ষার্থীদের কমনরুম সংস্কারের কাজ শেষ হয়েছে। সেখানে প্রয়োজনীয় কিছু সামগ্রী সরবরাহ করা বাকি রয়েছে। অন্যদিকে সেন্ট্রাল কমনরুমের সংস্কারকাজ চলছে। প্রশাসনিক জটিলতার কারণে কাজগুলো জুন মাসে শেষ করার পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ে তা সম্পন্ন করা সম্ভব হয়নি।
নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ক্যাফে প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছিল বলে জানান তিনি। এ লক্ষ্যে প্রয়োজনীয় বাজেটও সংগ্রহ করেছিলেন। তবে পরবর্তী সময়ে পরিকল্পনাটি আর বাস্তবায়নের দিকে এগোয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, ট্রেজারার এ প্রস্তাব নাকচ করে দেন।
সেন্ট্রাল কমনরুমের বাইরের খালি জায়গায় ক্লাস্টার সেটিংয়ে একটি চেয়ার ও দুটি টেবিল বসানোর পরিকল্পনাও ছিল। উপাচার্য প্রাথমিকভাবে অনুমোদন দিলেও পরবর্তী সময়ে ট্রেজারারের আপত্তিতে সেটিও বাস্তবায়িত হয়নি বলে জানান তিনি।
নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করতে ব্রেস্টফিডিং কর্নার প্রতিষ্ঠার জন্য আবেদন করেছিলেন ফাতেমা ওউরিন। তাঁর দাবি, একাধিকবার তদারকি ও যোগাযোগের পরও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সম্প্রতি এ বিষয়ে আবারও আলোচনা হয়েছে। চলতি মাসের মধ্যেই উদ্যোগটি বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নারী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শারীরিক সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে দুই মাসব্যাপী আত্মরক্ষামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া নারী শিক্ষার্থীদের জন্য বহিরাঙ্গন খেলাধুলার আয়োজনের পরিকল্পনা থাকলেও গ্রীষ্মকালীন প্রতিকূল আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। নভেম্বরের মাঝামাঝি থেকে ধূপখোলা মাঠে এসব খেলাধুলা শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
সাহিত্যচর্চা ও সৃজনশীলতা বিকাশে নেওয়া উদ্যোগ সম্পর্কে ফাতেমা ওউরিন বলেন, শিক্ষার্থীদের জন্য একটি ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসের শেষ দিকে ম্যাগাজিনটির আনুষ্ঠানিক উন্মোচনের পরিকল্পনা রয়েছে। তিনি জানান, ম্যাগাজিনের সম্পাদকীয় পর্ষদে না থাকায় কিছু প্রশাসনিক ও সাংগঠনিক জটিলতা তৈরি হয়েছিল। এ কারণে প্রকাশনায় বিলম্ব হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি সাহিত্যবিষয়ক কাজ হাতে নেওয়া হয়েছে, যেগুলোর সুফল জকসুর মেয়াদের মধ্যেই শিক্ষার্থীরা পাবেন বলে আশা করছেন তিনি।
তিনি আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শহীদদের প্রতি চিঠি লিখন’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র সীরাত উপলক্ষে ‘নূরুস সীরাহ’ শীর্ষক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়ালিকা অঙ্কন প্রতিযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় পথচলা নিয়ে সেমিনার আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
অসম্পূর্ণ উদ্যোগগুলো জকসুর মেয়াদের মধ্যে বাস্তবায়নের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, “যেগুলো এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলোও যেন জকসুর মেয়াদের মধ্যে বাস্তবায়ন করতে পারি—সেই প্রত্যাশা ও প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
শান্তা আক্তার: কার্যনির্বাহী সদস্য
নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ পরিবেশ
নারী শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যা সমাধান এবং ক্যাম্পাসে তাঁদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন জকসুর কার্যনির্বাহী সদস্য শান্তা আক্তার।
তাঁর বক্তব্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পাশে নির্মাণাধীন নারী শৌচাগারের সামনের অংশ দিয়ে অবাধ চলাচল নারী শিক্ষার্থীদের জন্য একটি সমস্যা। এ ছাড়া একমাত্র ছাত্রী হলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা না থাকা এবং অফিস সময়ের বাইরে নারী শিক্ষার্থীদের শৌচাগার ব্যবহারের সুযোগ সীমিত থাকার বিষয়টিও তিনি তুলে ধরেছিলেন।
এসব সমস্যা সমাধানে তাঁর নেওয়া উদ্যোগের অগ্রগতি জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
প্রতিশ্রুতি ও বাস্তবায়নের চিত্র
জকসুর নারী সদস্যদের নির্বাচনী ইশতেহারে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সেগুলোর সম্ভাব্য সমাধানের কথা উঠে এসেছিল। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, কমনরুমের উন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা।
নির্বাচনের পর নারী সদস্যদের ক্যাম্পাসে কম দেখা যাওয়ার অভিযোগও তুলেছেন সাধারণ শিক্ষার্থীদের কেউ কেউ। অন্যদিকে কয়েকটি উদ্যোগ বাস্তবায়নের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট সদস্যরা। তাঁদের বক্তব্যে অর্থায়ন ও প্রশাসনিক জটিলতার কারণে কিছু পরিকল্পনা আটকে থাকার বিষয়টিও উঠে এসেছে।
শিক্ষার্থীদের প্রত্যাশা, নির্বাচিত প্রতিনিধিরা তাঁদের ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর অগ্রগতি সম্পর্কে নিয়মিত অবহিত করবেন এবং বাস্তবায়নযোগ্য উদ্যোগগুলো কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। প্রতিশ্রুতির সঙ্গে বাস্তব কর্মকাণ্ডের সামঞ্জস্য এবং শিক্ষার্থীদের কাছে জবাবদিহিই শেষ পর্যন্ত তাঁদের প্রতিনিধিত্বের অগ্রগতি মূল্যায়নের গুরুত্বপূর্ণ মাপকাঠি হয়ে উঠবে।
প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন করেছেন জকসুর নারী সদস্যরা?
নির্বাচনের আগে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং ক্যাম্পাসে সুযোগ-সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় মিলেছে
৯ নভেম্বর, ২০২৬
দায়িত্বে অবহেলা, জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ
৮ নভেম্বর, ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার বার্তা নিয়ে বুড়িগঙ্গায় নিষিদ্ধ জবি ছাত্রলীগের নৌকা মিছিল
৮ নভেম্বর, ২০২৬
জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৯ ডিসেম্বর
৮ নভেম্বর, ২০২৬
৭ নভেম্বর জাতির পরিচয় ও ভবিষ্যৎ রাষ্ট্র নির্মাণের পথ দেখায়: এমপি বাবর
৮ নভেম্বর, ২০২৬
-
আকিদা বিসর্জন দিয়ে জামায়াতের সঙ্গে কিছু করতে চাই না: এমপি হানজালা
-
মেয়ের খাবার কিনতে গিয়ে শিক্ষা কর্মকর্তা গুলিবিদ্ধ
-
বিএনপির প্রয়াত এমপির মেয়ে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
-
পরীমনির খামচিকাণ্ডে ভ্যাকসিন নিলেন সাংবাদিক
-
দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপির গাড়িবহরে হামলা
-
রাশেদ খানকে ‘বদ দোয়া’ দিলেন আমির হামজা
-
দুস্থ নারীর চাল চুরির অভিযোগে খাদ্যগুদাম কর্মকর্তা প্রত্যাহার
-
প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন করেছেন জকসুর নারী সদস্যরা?
-
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় মিলেছে
-
পল্লবী থানার ভেতরে এবার ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য