জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালকের সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলমকে।
শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের সই করা অফিস আদেশ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি জানা যায়।
আদেশে উল্লেখ করা হয়, গত ২ নভেম্বর দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুরকে ইনস্টিটিউটটির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তিনি ওই পদে দায়িত্ব গ্রহণে অপারগতা জানান।
পরবর্তীতে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম স্বাভাবিক ও সচল রাখার প্রয়োজন বিবেচনায় পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. মো. শামছুল আলমকে সাময়িকভাবে পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আদেশ অনুযায়ী, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। দায়িত্ব পালনের জন্য প্রচলিত বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন অধ্যাপক ড. শামছুল আলম।
সদ্য সংবাদ/এজে