নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে তোলারাম কলেজ রোডের ডাকবাংলো নিউ চাষাড়া সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মিরাজ হোসেন।
গ্রেপ্তার যুবকের নাম মো. রিয়াদ হোসেন (২০)। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মধ্যপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সদর থানার আরডিএফ ক্লিনিক এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির সময় রিয়াদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা পরে জব্দ করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।