চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন নামে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নাসির উদ্দিন ওরফে ছোট নাসির নামের আরও একজন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যার দিকে তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ জামাল উদ্দিন ও নাসির উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নাসির উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত জামাল উদ্দিন ও আহত নাসির উদ্দিন দুজনই জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় ঘটনাস্থল থেকে ছয়টি গুলির খোসা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, গুলিতে একজন নিহত ও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।