বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইন্ডিয়ান কালচার সেন্টারে আয়োজিত ভারত–বাংলাদেশ মৈত্রী দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের বিজয় দিবসের ১০ দিন আগে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছিল ভারত। ঐতিহাসিক এই সম্পর্ক সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে।’
প্রণয় ভার্মা আরও বলেন, ‘আমরা কেউ একা সমৃদ্ধ হতে পারব না। তাই পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও সহযোগিতার মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে।’
তিনি উল্লেখ করেন, ভারত চায় দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হোক। সহযোগিতার যে ধারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় শুরু হয়েছিল, তা বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করুক।
অনুষ্ঠানের শেষে স্বাধীনতা সংগ্রাম নিয়ে নাটক ও গান পরিবেশন করা হয়।