রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ।
নাহিদ ইসলাম বলেন, 'অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির কিংবা ছাত্রলীগ করুক—এটা আমাদের কাছে মুখ্য বিষয় নয়। আজ থেকে কেউ এনসিপিতে যোগ দিলে তিনি এনসিপির কর্মী হিসেবে দলের আদর্শ ধারণ করে কাজ করবেন।'
তিনি আরও বলেন, 'যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী দায়বদ্ধ ও জনমুখী রাজনীতি প্রতিষ্ঠা করতে চান এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগ্রহী, তাদের নিয়েই দল সামনে এগোতে চায়। ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে একত্রিত হবে।'
নাহিদের বলেন, 'আজ যারা এনসিপিতে যোগ দিচ্ছেন, আমরা মনে করি তারা এতদিনও আমাদের সঙ্গেই ছিলেন—শুধু প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। এখন আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছি।'
তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষকে এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'দেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান ঠেকাতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।'
তবে তিনি স্পষ্ট করে দেন, ফ্যাসিবাদী কার্যক্রম, গণহত্যা, চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত কোনো ব্যক্তি এনসিপিতে যোগ দেওয়ার সুযোগ পাবে না।
সংস্কারের পক্ষে জনগণের সমর্থনের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, 'গণভোটে দেশের মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সেই রায় বাস্তবায়ন করে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।'
সংবাদ সম্মেলনে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।