ব্রাহ্মণবাড়িয়ায় ওসমান হাদীর মৃত্যু নিয়ে ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লেখায় ইয়াছিন ভূইয়া (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুর পর ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেওয়ার পাশাপাশি তাঁকে ‘টেররিস্ট’ উল্লেখ করে মন্তব্য করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হলে স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে। একপর্যায়ে তাঁরা ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এরপর শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে কসবা থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম ইয়াছিন ভূইয়া (৩৪)। তিনি কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের বাসিন্দা এবং বাবরু ভূইয়ার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ওসমান হাদীকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট ও মন্তব্য করার অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।