ভোর থেকেই জানাজাস্থল ও আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। অনেক মানুষ কান্নায় ভেঙে পড়ে শেষ শ্রদ্ধা জানাতে দেখা গেছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে কফিন রাখা হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে সব সংশ্লিষ্ট রাষ্ট্রীয় দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। জনসাধারণের অবস্থানের জন্য চারপাশের সড়কেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানাজার আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৩টা ৩০ মিনিটে খালেদা জিয়াকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এসময় মরহুমার পরিবার, সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।