কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাটিবোঝাই একটি ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালক জাকির হোসেনের (৩২) মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ডিপেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মোজাম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে মাটি বোঝাই একটি ট্রাক্টর ডিপেরহাট–সড়ককাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় পুকুরের গভীরে পড়ে চালক জাকির হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।