নগরীর সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী-বহিরাগতদের দিয়ে মব সৃষ্টি করে অধ্যক্ষকে যোগদানে বাধা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রংপুর নগরীর সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও বহিরাগতদের দিয়ে মব সৃষ্টি করে অধ্যক্ষ মো. শাহজাহানকে পুনরায় পদে যোগদান করতে দেওয়া হয়নি। তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার পাশাপাশি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। 

এ নিয়ে বুধবার (২২ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে হারাগাছ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অধ্যক্ষ মো. শাহজাহানকে উদ্ধার করে।

নির্বাচিত সরকারের সুনাম ক্ষুণ্ন করতে আদালত ও প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা জামান এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর অভিযোগ, গণঅভ্যুত্থানের পর সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের কতিপয় শিক্ষক ও স্বার্থান্বেষী মহল কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে প্রতিষ্ঠানে মব সৃষ্টি করানোসহ অধ্যক্ষ মো. শাহজাহানকে অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এরই একপর্যায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় তিনি উচ্চ আদালতে রিট করলে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি সমাধানের নির্দেশ দেন।

সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে সভা আহ্বান করে গত ৮ মার্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জামানকে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে ১২ মার্চ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মো. শাহজাহানকে অধ্যক্ষ হিসেবে বেতন-ভাতা প্রদানের পক্ষে সুপারিশ করা হয়। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিপত্র অনুযায়ী সাময়িক বরখাস্তের মেয়াদ ১৮০ দিন অতিক্রম করায় তাকে স্বপদে পুনর্বহালের সিদ্ধান্ত গৃহীত হয় এবং মোস্তফা জামানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ সিদ্ধান্তের কপি ব্যবস্থাপনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা জামানের কাছে সরবরাহ করেন। একই সঙ্গে অধ্যক্ষ পদে যোগদানের চিঠি ডাকযোগে পাঠান মো. শাহজাহান।

বুধবার দুপুরে প্রতিষ্ঠানে যোগদান করতে গেলে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা জামান চিঠির পূর্ণাঙ্গ কাগজপত্র পাননি বলে দাবি করেন। এ সময় শিক্ষার্থী ও বহিরাগত কিছু ব্যক্তির মাধ্যমে প্রধান শিক্ষকের কক্ষের সামনে মব সৃষ্টি করা হয়। একপর্যায়ে মো. শাহজাহানের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে হারাগাছ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং পরে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান অভিযোগ করে বলেন, “গণঅভ্যুত্থানের পর প্রতিষ্ঠানের একটি স্বার্থান্বেষী মহল ও কতিপয় শিক্ষক যোগসাজশ করে মব সৃষ্টি করে আমাকে অপসারণের চেষ্টা করেছে। আমি আদালতের দ্বারস্থ হলে আদালত বিষয়টি মীমাংসার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন। পরবর্তীতে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ আমাকে স্বপদে বহালের জন্য চিঠি দেন। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তা বাস্তবায়ন করেননি এবং শিক্ষার্থী ও বহিরাগতদের দিয়ে আমাকে লাঞ্ছিত করা হয়েছে।”

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা জামান বলেন, “ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমাকে মো. শাহজাহানকে স্বপদে যোগদানের জন্য চিঠি দিয়েছেন, কিন্তু রেজুলেশনের কপি দেননি। তাই উপযুক্ত কাগজপত্র ছাড়া আমি দায়িত্ব হস্তান্তর করতে পারি না। সঠিক কাগজপত্র নিয়ে তিনি যোগদান করলে তা গ্রহণ করা হবে।”

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, “উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করে মো. শাহজাহানকে উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তিনি পুনরায় যোগদান করতে এলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে সহযোগিতা করবে।”

রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী বিধি মেনেই মো. শাহজাহানকে অধ্যক্ষ পদে দায়িত্ব নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের