ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে (ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন) নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে দুর্বৃত্তরা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন মুহূর্তেই আশপাশের চারটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই বিএনপির কার্যালয় ও চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকেরা দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীদের হুমকি দিয়ে আসছেন। তাঁর দাবি, শুধু কার্যালয়ে অগ্নিসংযোগ নয়, এর আগেও বিএনপির ব্যানার ও একাধিক নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে।
এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।