প্রথমে সাবেক কোচ আলভারো আরবেওলা কে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত পুরনো ও সফল মুখের ওপরই আস্থা রাখছে রিয়াল মাদ্রিদ।
জনপ্রিয় ফুটবল ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো তার বিখ্যাত ‘হিয়ার উই গো’ বার্তার মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মরিনিও ও রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে মৌখিকভাবে সব শর্তে একমত হয়েছে।
জানা গেছে, দুই বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরবেন মরিনিও। অ্যাথলেটিক বিলবাও এর বিপক্ষে রিয়ালের ম্যাচ শেষে মাদ্রিদে পৌঁছাবেন তিনি। এরপরই আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই হওয়ার কথা রয়েছে।
তবে এই চুক্তির জন্য বড় অঙ্কের অর্থ গুনতে হবে রিয়াল মাদ্রিদকে। কারণ বেনফিকার সঙ্গে এখনও মরিনিওর চুক্তির মেয়াদ বাকি রয়েছে। তাকে ছাড়িয়ে আনতে প্রায় ৭০ লাখ ইউরো ক্ষতিপূরণ দিতে হবে স্প্যানিশ ক্লাবটিকে।
এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন মরিনিও। তার অধীনে লা লিগাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছিল দলটি। এবার দ্বিতীয় দফায় ক্লাবটিকে পুনরায় সাফল্য এনে দেওয়ার লক্ষ্য নিয়েই ফিরছেন এই অভিজ্ঞ কোচ।