নিহতরা হলেন ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (৩০)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শরীফুল ও রাইসুল মোটরসাইকেলে করে ঢাকা থেকে কক্সবাজারে ঘুরতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে আরও কয়েকজন বন্ধু পৃথক মোটরসাইকেলে একই গন্তব্যে রওনা হয়েছিলেন। ভোরে চট্টগ্রামমুখী ‘লাল-সবুজ পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাস বানিয়ারছড়া এলাকায় পৌঁছে সামনে থাকা একটি মোটরসাইকেল ও ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছে। দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছালে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।