ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ২১ গুপ্তচরকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনীর তথ্য সংগ্রহ করে ইসরায়েলি এই গোয়েন্দা সংস্থার কাছে পাঠানোর অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়েছে। এক বিবৃতিতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, এসব ‘ভাড়াটে এজেন্ট’ ইরানের সেনাবাহিনী সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে মোসাদের কাছে পাঠাতেন।
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।
এদিকে সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথিরা। এর পর উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
জাহাজ চলাচলের তথ্য সামনে এনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আগের দিনের তুলনায় বুধবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র দুটি জাহাজ চলাচল করেছে।
এর মধ্যে একটি পানামার পতাকাবাহী কয়লাবাহী জাহাজ প্রণালিতে প্রবেশ করেছে এবং আরেকটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ প্রণালি ছেড়ে গেছে। এর আগের দিন এ নৌপথ দিয়ে আটটি জাহাজ চলাচল করেছিল।
অন্যদিকে বাব আল-মান্দেব প্রণালি দিয়ে বুধবার মাত্র একটি জাহাজ চলাচল করেছে। বাহামার পতাকাবাহী শুকনা পণ্যবাহী জাহাজটি ওই প্রণালি অতিক্রম করে। আগের দিন এ নৌপথ দিয়ে ২০টি জাহাজ চলাচল করেছিল বলে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ক্লেপলার জানিয়েছে।
সদ্য সংবাদ/এসকে