চাঁদাবাজির মামলায় জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১-এর বিচারক অমিত কুমার দে তাঁর চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
এর আগে দুপুর একটার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মহাদি সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আদেশের পর আদালতপাড়ায় ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে বিক্ষোভ হয়। এ সময় গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় চিৎকার করে সুরভী অভিযোগ করেন, তদন্ত ছাড়াই তাঁর রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তিনি বলেন, ম্যাজিস্ট্রেট আদালতে কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি এবং কোনো ধরনের তদন্ত ছাড়া তাঁকে রিমান্ডে পাঠানো হয়েছে।
১৭ বছর বয়সী সুরভীর রিমান্ড আদেশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নজরে এলে আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, তিনি সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছেন এবং আশা প্রকাশ করেন যে দ্রুতই তিনি প্রতিকার পাবেন।