মাদারীপুরের রাজৈর উপজেলার হাসানকান্দি এলাকায় মাদ্রাসাছাত্রী মিথিলার আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী টুটুলের মোড় এলাকায় বাইতুল সুন্নাত মহিলা মাদ্রাসার সামনে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “বিচার চাই, বিচার চাই” স্লোগান দেন এবং মিথিলার আত্মহত্যার পেছনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, আরবী ইসলাম, সাইমন হাওলাদার, সোহরাব হাওলাদার ও রুনী বেগম মিথিলাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আত্মহত্যায় প্ররোচিত করেছেন। প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে তাকে সামাজিকভাবে হেয় করা ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।
মানববন্ধনে মিথিলার মা মাকসুদা বেগম বলেন, “গত ৯ জানুয়ারি আরবী, সাইমন, সোহরাব ও রুনী আমার ঘরে ঢুকে মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাড়ি থেকে বের হলে এসিড দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। এই ভয় ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
ইশিবপুর ইউনিয়নের সদস্য নুরুল ইসলাম শরীফ বলেন, “দশ পারা কোরআনের হাফেজা মিথিলাকে পরিকল্পিতভাবে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। পরিবারটি দুর্বল হওয়ায় অভিযুক্তরা উল্টো হুমকি দিচ্ছে। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে এই মানববন্ধনে দাঁড়িয়েছি।”
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি শুক্রবার সকালে রাজৈর উপজেলার হাসানকান্দি এলাকায় নিজ ঘরের ভেতর থেকে মাদ্রাসাছাত্রী মিথিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তার পরিবার।